Sylhet Today 24 PRINT

টিকা নিলেন সিইসি নূরুল হুদা, ভোটারদেরকেও নেয়ার আহ্বান

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০২১

নিজে করোনার টিকা নিয়ে ভোটারদেরকেও তা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টিকা নেয়ার তিনি এ অনুরোধ জানান।

সিইসি বলেন, ‘আসলেই উৎসবমুখর পরিবেশ। আমার খুব ভালো লেগেছে। টিকা নিয়ে কোনো রকমের সমস্যা ফেস করিনি। আধাঘণ্টা অবজারভেশনে ছিলাম। আমার কোনো অসুবিধা হয়নি। আমি অনুরোধ করবো আমার ভোটারদেরকে, আপনারা প্রত্যেকে স্বাচ্ছন্দে নিজ নিজ এলাকায় এই টিকা গ্রহণ করুন।’

তিনি বলেন, ‘এটা করোনা থেকে রক্ষার অত্যন্ত ফলপ্রসূ উপায়। টিকা নেয়ার পর কোনো অসুবিধা হয় না।’

আতঙ্কের মধ্য দিয়ে মহামারির প্রায় এক বছর পার করার পর রোববার (৭ ফেব্রুয়ারি) দেশজুড়ে শুরু হয় করোনা টিকাদান কর্মসূচি। ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদানের উদ্বোধন করা হয়। রোববার দিনের শুরুতেই রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিয়েছেন সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সংসদ সদস্যরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা গ্রহণ করেন। প্রথম দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.