Sylhet Today 24 PRINT

১০ লাখ টাকা দিলো গ্রিন লাইন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২১

বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ১০ লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন। সোমবার ক্ষতিপূরণের ২০ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। বাকি টাকা দুই কিস্তিতে দেওয়া হবে বলে লিখিতভাবে জানানো হয়েছে।

দুটি চেকের মাধ্যমে গ্রিন লাইন কর্তৃপক্ষ তাদের আইনজীবীর মাধ্যমে ওই চেক হস্তান্তর করে বলে জানান রিটকারীর আইনজীবী খোন্দকার শামসুল হক।

তিনি গণমাধ্যমকে বলেন, এরপর চেক রাসেলকে বুঝিয়ে দেওয়া হয়। ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ টাকার মধ্যে বাকি ১০ লাখ টাকা দুই কিস্তিতে আসছে মার্চ ও এপ্রিলে পরিশোধ করা হবে বলে গ্রিন লাইনের আইনজীবী লিখিতভাবে জানিয়েছেন। আদালতের রায় ও নির্দেশ অনুসারে এখন পর্যন্ত রাসেলকে ২০ লাখ টাকা এবং তার চিকিৎসাবাবদ ৩ লাখ ৪০ হাজার টাকা দিয়েছে গ্রিন লাইন।

রাসেল একটি প্রতিষ্ঠানের ভাড়া গাড়ি চালাতেন। ২০১৮ সালের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান তিনি। এ ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম ওই বছরই হাই কোর্টে রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১৪ মে হাইকোর্ট রুল দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১ অক্টোবর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে রায় দেন।

রায়ে ৩ মাসের মধ্যে রাসেলকে ২০ লাখ টাকা দিতে গ্রিন লাইনকে নির্দেশ দেওয়া হয়। এই সময়ের মধ্যে ওই টাকা দিয়ে পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্দেশ বাস্তবায়ন বিষয়ে গ্রিন লাইনকে হলফনামা আকারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রতিবেদন দিতে বলা হয়। রায়ের আগে উচ্চ আদালতের আদেশের পর রাসেলকে দুই দফায় ১০ লাখ টাকা এবং চিকিৎসা বাবদ অর্থ দিয়েছিল গ্রিন লাইন কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.