Sylhet Today 24 PRINT

আল জাজিরার প্রতিবেদনের সমালোচনায় নুর

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও ছাত্র অধিকার  পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেছেন,  আল জাজিরার প্রতিবেদনটি পলিটিক্যাললি মোটিভেটেড। তবে এর অবশ্যই অনেক সত্যতা রয়েছে। কিন্তু আপনাদের বুঝতে হবে এটি একটি রাষ্ট্রের জন্য স্পর্শকাতর একটি প্রতিবেদন।’

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে পলিটেকনিক শিক্ষার্থীরদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আল জাজিরা কিন্তু কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এই প্রতিবেদন প্রকাশ করে নাই। আমরা বলছি সত্যতা আছে, কিন্তু একই সঙ্গে পলিটিক্যালি মোটিভেটেড।

নুর বলেন, ‘আজ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি মনে করি শুধু সেনাবাহিনী নয়, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ছাত্র-যুবক বন্ধুদের বলবো, আপনারা চোখ কান খোলা রাখেন।’

তিনি বলেন, ‘এই সরকার যতদিন ধরে ক্ষমতায় আছে আমেরিকা, চীন আর ভারত চাচ্ছে বাংলাদেশকে একটা পকেট বানাতে। কাজেই দুই পরাশক্তি এবং পার্শ্ববর্তী দেশের ত্রিমুখী প্রতিযোগিতা। এখন সরকার তো ভোটে নির্বাচিত নয়। তারা টিকে আছে তথাকথিত অপশক্তির কারণে। তাই নতুন কাউকে ক্ষমতায় এনে সত্য উন্মোচন করা হয়েছে। এটাকে সত্য বলতে পারেন, আবার ষড়যন্ত্র বলতে পারেন। সত্য বলার পরিবেশ না থাকলে ষড়যন্ত্র করে পরিবেশ তৈরি করবে।’

পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি দাওয়া প্রসঙ্গে নুর বলেন, ‘তাদের কোনও দাবি অযৌক্তিক নয়। প্রত্যেকটি ছাত্র সংগঠন জানিয়েছে যে করোনাকালে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া যাবে না। প্রয়োজনে আমরা বলবো আপনারা অর্ধেক করে ফি নেন। কিন্তু আপনাদের মানবিক পরিচয় দিতে হবে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক খান, আবু হানিফ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.