Sylhet Today 24 PRINT

দীপন হত্যা মামলার রায় আজ

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০২১

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলার রায় আজ বুধবার দেয়া হবে।

এদিন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করবেন।

এর আগে রোববার একই আদালতের বিচারক মজিবুর রহমান রায়ের তারিখ ঘোষণা করেন।

১৭ জানুয়ারি আদালতে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে ছিলেন গোলাম ছারোয়ার খান। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন।

আসামি পক্ষে ছিলেন এম নুরুল ইসলাম ও ফারুক আহমেদ।

এই মামলার আসামিরা হলেন- মইনুল হাসান শামীম, আ. সবুর, খাইরুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, শেখ আব্দুল্লাহ, সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন ওরফে হাসিব।

এদের মধ্যে মেজর সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেন ওরফে হাসিব পলাতক।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৫ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান অভিযোগপত্র জমা দেন।

২০১৯ সালের ১ ডিসেম্বর দীপন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সেদিন মামলার বাদী ও দীপনের স্ত্রী রাজিয়া রহমান ও জব্দ তালিকার সাক্ষী আজিজ সুপার মার্কেট কো-অপারেটিভ মালিক সমিতির সহকারী আনোয়ার হোসেন আদালতে সাক্ষ্য দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ৩১ নভেম্বর আজিজ সুপার মার্কেটে নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই তার স্ত্রী শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.