Sylhet Today 24 PRINT

এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০২১

দেশের সব সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে (২০২০-২১ শিক্ষাবর্ষ) এমবিবিএস ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন গ্রহণ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। আগামী ১ মার্চ পর্যন্ত অনলাইনে এ আবেদন চলবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নে এমবিবিএস কোর্সের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে আলাপকালে জানা গেছে, মহামারি করোনার কারণে এ বছর এইচএসসিতে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে আগের ফলাফল অর্থাৎ এসএসসি ও এইচএসসির পরীক্ষার প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে অটোপাস দেয়া হয়। এর ফলে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ সহ এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য ন্যুনতম প্রয়োজনীয় জিপিএসহ রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ কারণে এ বছর স্বাস্থ্য অধিদপ্তর আপাতত ১ লাখ ২১ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এমনটা মাথায় রেখে পরীক্ষা গ্রহণের পরিকল্পনা গ্রহণ করছে।

আরও জানা গেছে, দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত ৩৭টি মেডিকেল কলেজে শিক্ষার্থীর আসন সংখ্যা চার হাজার ৩৫০টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.