Sylhet Today 24 PRINT

হাই কোর্টের নির্দেশনা পেলে আল-জাজিরা বন্ধ হবে: তথ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক  |  ১২ ফেব্রুয়ারী, ২০২১

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘হাই কোর্টের নির্দেশনা পেলে বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। আমরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করি, হাই কোর্টের নির্দেশ পেলে আল-জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্ট যদি কোনো আদেশ দেন এটিকে বন্ধ করার জন্য, সে ক্ষেত্রে হাই কোর্টের আদেশ আমাদের মানতে হবে।’

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারের বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দা প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে আল-জাজিরা। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনা সদর থেকে ওই প্রতিবেদনের প্রতিবাদ জানানো হয়েছে।

এরজের ধরে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বাংলাদেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার সম্প্রচার বন্ধে নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করেছেন। সেখানে আল-জাজিরায় সম্প্রচারিত ‘অল দা প্রাইম মিনিস্টারস মেন’ প্রতিবেদনটি ইউটিউব, ফেইসবুক ও টুইটার থেকে অপসারণের নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিট আবেদনটি গ্রহণযোগ্য কি না এবং আরজি অনুযায়ী আদালত একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিতে পারে কি না, সে বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের মতামত জানতে চেয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, আব্দুল মতিন খসরু, কামাল উল আলম, প্রবীর নিয়োগী ও শাহদীন মালিককে অ্যামিচি কিউরি হিসেবে আগামী ১৫ ফেব্রুয়ারি এ বিষয়ে মতামত দিতে অনুরোধ করা হয়েছে।

হাছান মাহমুদ বলেন, ‘আমরা চাইলে আল-জাজিরার সম্প্রচার আমাদের দেশে বন্ধ করতে পারতাম, অনেক দেশে বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে। এমনকি ভারতেও কিছু দিনের জন্য বন্ধ ছিল। এখনও ৬-৭টি দেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধ আছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকার যেহেতু গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে, তাই আমরা সেই উদ্যোগ নিইনি।’

তিনি বলেন, ‘স্বাধীনতার যেমন দরকার, দায়িত্বশীলতারও প্রয়োজন রয়েছে। কিন্তু স্বাধীনতা মানে এই নয়, ভুল, মিথ্যা, পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অপরের স্বাধীনতা হরণকারী সংবাদ পরিবেশন করা। এটা কোনোভাবেই সমীচীন নয়। আল-জাজিরার রিপোর্ট একটি মিথ্যা বানোয়াট, কিছু কাট পেস্ট করে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। এটি একটি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে রিপোর্ট প্রকাশ করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.