Sylhet Today 24 PRINT

চাকরির প্রলোভনে যশোরে তরুণীকে ‘ধর্ষণ’

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২১

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে যশোরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর বাঁশতলা এলাকা থেকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

পুলিশ বলছে, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতিত নারী জেলার অভয়নগর উপজেলার পায়রা গ্রামের বাসিন্দা।

ওই নারী জানান, খুলনার ফুলতলা উপজেলার পত্তিপুর গ্রামের মানিক কুণ্ডুর সঙ্গে তার পরিচয় ছিল। মানিক তাকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২০ হাজার টাকাও নেন। দুই মাস ধরে চাকরি না দিয়ে টালবাহানা করছিল।

এর মধ্যে একদিন মানিক জানায়, শুক্রবার ছুটির দিন নিয়োগ কর্তার বাড়ি যশোরে নিয়ে যাবেন। সেই মোতাবেক শুক্রবার বিকেলে ওই নারীকে নিয়ে যশোরে আসেন। যশোর পৌঁছানোর পর আরও দুজনকে সঙ্গে নেয় মানিক। সন্ধ্যার দিকে ইজিবাইকে করে হাশিমপুরের উদ্দেশ্যে রওনা দেয় তারা।

মধ্যপথে নেমে মানিক বলে মাঠের ভেতর দিয়ে যেতে হবে। কিছু দূর যাওয়ার পর একটি বাগানে ওই নারীকে জাপটে ধরে। বাধা দিলে মারধর করা হয়। এরপর তিনজন তাকে ধর্ষণ করে ফেলে পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় সেখানে পড়ে থাকলে এক পথচারী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে নির্যাতিতাকে।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আজিজুল হাকিম বলছেন, ভর্তি নারীকে পরীক্ষা নিরীক্ষা করে আলামত সংগ্রহ করা হয়েছে। রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নিপীড়িতের অভিযোগ শুনেছেন। অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ওই নারীর অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.