Sylhet Today 24 PRINT

সাংবাদিক শাহীন রেজা নূর আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২১

শহিদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর আর নেই। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা ৪০ মিনিটে কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শাহীন রেজা নূরের ছোট ভাই তৌহিদ রেজা নূর এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গত তিন বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই কলম সৈনিক।

বিশিষ্ট সাংবাদিক, প্রজন্ম ’৭১-এর সাবেক সভাপতি শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণআন্দোলনে শাহীন রেজা নূরের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী মৃতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মাগুরা জেলার শালিখা থানার শরশুনা গ্রামে ১৯৫৪ সালের সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন শাহীন রেজা নূর। তার বাবা শহিদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন। একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশব্যাপী বুদ্ধিজীবী নিধনের নীলনকশা বাস্তবায়ন করতে শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী এ দেশীয় রাজাকার-আল বদর বাহিনী। ওই সময় ১০ ডিসেম্বর হত্যা করা হয় সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে।

বাবার পদাঙ্ক অনুসরণ করে নিজেও সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন শাহীন রেজা নূর। দীর্ঘ সময় ধরে দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন। দেশের অন্যতম প্রাচীন এই সংবাদপত্রের বার্তা সম্পাদক হিসেবেও কাজ করেছেন। সবশেষ এই পত্রিকাটির কার্যনির্বাহী সম্পাদক ছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.