Sylhet Today 24 PRINT

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল সরকারি ভবনের একাংশ!

ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা

সিলেটটুডে ডেস্ক  |  ১৯ ফেব্রুয়ারী, ২০২১

বরগুনার বেতাগীতে ইউনিয়ন ভূমি কার্যালয়ে ভবন নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়েছে। সিডিউল মোতাবেক কাজ না করা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার ফলে নির্মানাধীন ভবন ভেঙে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়ভাবে জানা গেছে, উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজারে ২০২০ সালের নভেম্বর মাসে এলজিইডি ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে একটি প্যাকেজের দরপত্র আহ্বান করে। খান এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান ওই ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভবন নির্মাণ কাজ শুরু করেন।

বৃহস্পতিবার (১৮ ফ্রেরুয়ারি) সকাল ১১ টার দিকে ঠিকাদারের লোকজন সান্টারিং খোলার সময় হঠাৎ ভবনের সামনের অংশ ভেঙে পড়ে।

কাজিরাবাদ ইউনিয়নের তহশীলদার মো. মহসিন মিয়া জানান, আমি নির্মাণাধীণ নতুন ভবন সংলগ্ন অফিসের ভেতরে বসা ছিলাম। হঠাৎ বিকট শব্দ পেয়ে বের হয়ে দেখি ভবনের সামনের অংশ ধসে পড়েছে। ঠিকাদারের লোকজন সান্টারিং খোলার কাজ করছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয়দের অভিযোগ, ভূমি কার্যালয়ের ভবন নির্মাণের ইট, বালু, রড ও সিমেন্টের আনুপাতিক হারে প্রয়োগ করা হয়নি। এতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান খান ইন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. খলিলুর রহমান খান বলেন, ভূমি কার্যালয়ের ভবন নির্মাণের কাজের দরপত্রের প্রাক্কলন অনুযায়ী কাজ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন বলেন, ভবন ধসে পড়ার খবর শোনার পর এ বিষয় আমি সার্বিক খোঁজ নিয়েছি। ঠিকাদারের লোকজন দীর্ঘদিন কাজটি ফেলে রাখায় অসতর্কতার কারণে এ ঘটনা ঘটেছে। এটি ভবনের বাইরের অংশ। তবে এতে বড় ধরনের কোনো সমস্যা হবে না। ঠিকাদারকে সঠিকভাবে সিডিউল মোতাবেক কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সিডিউল মোতাবেক কাজ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.