Sylhet Today 24 PRINT

তিনতলা ভবন ধসে পড়ে গেল ডোবায়, আহত ৭

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চরাইল খেলার মাঠের পাশে শুক্রবার সকালে একটি ৩ তলা ভবন ধসে ডোবায় পড়ে পড়ে গিয়ে ৩ নারী ও এক শিশুসহ ৭ আহত হয়েছেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই ভবনের আশপাশের তিনটি ভবন পরিত্যক্ত ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নী।

স্থানীয় বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, মধ্য চড়াইল এলাকার জানে আলম মিয়া সম্প্রতি তিনতলা ভবনটি নির্মাণ করেন। ভবনটি অর্ধেকের বেশি পিলার ডোবায় ছিল। পিলারগুলো দেবে গিয়ে ভবনটি উল্টে ডোবার মধ্যে পড়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিস আসে। এর আগেই বাড়ির ভেতর থেকে সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

ফায়ার সার্ভিসের কর্মী মো. ওমর ফারুক বলেন, ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্মাণ করা হয়েছে। এটির তিন ভাগের দুই ভাগই ডোবার ভেতরে ছিল। পিলারগুলো যথাযথভাবে নির্মাণ না করায় ভবনটি ধসে পড়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন তিন্নী বলেন, আশপাশের তিনটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পাশের তিনটি বাড়ির মালিক জাহিদ হাসান, মজিবুর রহমান ও মনজুর আহমেদের বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনার পর ভবনের মালিককে পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.