Sylhet Today 24 PRINT

শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৫

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে ১৪ কেজি ওজনের ১২০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে ওই উড়োজাহাজের সিট কভারের নিচ থেকে ১৪ কেজি সোনা জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সোহেল রহমান এ তথ্য জানিয়ে বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য সাত কোটি টাকা।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর উড়োজাহাজটির ভেতরে তল্লাশি চালায় কাস্টমস সদস্যরা।

সোহেল রহমান জানান, এ সময় উড়োজাহাজের ১৯ নম্বর সিটের নিচ থেকে একটি প্যাকেটে মোড়ানো অবস্থায় ওই স্বর্ণবার উদ্ধার করা হয়।

তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিষয়টি নিয়ে ওই সিটে যিনি এসেছিলেন তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.