Sylhet Today 24 PRINT

কারাগারে মারা গেলেন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাক

সিলেটটুডে ডেস্ক  |  ২৫ ফেব্রুয়ারী, ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদ কাশিমপুর কারাগারে মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

মুশতাক আহমেদ গত বছরের মে মাস থেকে কারাবন্দি ছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

কাশিমপুর কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মুশতাক কারাগারে মাথা ঘুরে পড়ে যান। এসময় দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৮টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতাল সূত্র জানায়, কারাগার থেকে ওই বন্দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

গত ১১ জানুয়ারি ডিজিটাল‌ নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুশতাক আহমেদ ও রাষ্ট্রচিন্তার কর্মী দিদারুল ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গত বছরের মে মাসে রমনা থানায় মুশতাকসহ ১১ জনের বিরুদ্ধে র‌্যাব তিনটি মামলা করে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.