Sylhet Today 24 PRINT

ঢাকায় মশাল মিছিল থেকে গ্রেপ্তার ৬ শিক্ষার্থীর জামিন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০২১

প্রগতিশীল ছাত্র সংগঠনের মশাল মিছিল থেকে গ্রেপ্তার হওয়া সাত শিক্ষার্থীর ছয়জনকে জামিন দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রোববার জামিনের এই আদেশ দেন।

জামিন পাওয়া শিক্ষার্থীরা হলেন- তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী। তবে এএসএম তানজিমুর রহমান নামে অপর শিক্ষার্থীর পক্ষে কেউ এদিন জামিন আবেদন না করায় কারামুক্ত হতে অপেক্ষা বাড়ছে তার।

তানিজমুর পৃথক আইনজীবী রেখেছিলেন বলে জানান বাকি ছয়জনের আইনজীবী সোহেল আহমেদ। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সোহেল, ইমতিয়াজ আহমেদ ও নুরুদ্দিন।

শুনানি শেষে বিচারাক ছয় ছাত্রের প্রত্যেকে এক হাজার টাকা মুচলেকায় জামিন দেন বিচারক।

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এই সাতজনকে আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করে পুলিশ। গ্রেপ্তার সাত জনসহ আসামি করা হয় অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে।

প্রেপ্তারের পরদিন আসামি সাতজনকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এস আই শহীদুল ইসলাম। আসামিপক্ষে রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা।

ওইদিন আদালত রিমান্ড আবেদন নাকচ করে একদিনের জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়। সেই সঙ্গে জামিন আবেদন শুনানির জন্য ৩ মার্চ দিন রাখেন। তবে ওই দিন তাদের জামিন আবেদন নাকচ হয়। আগামী ২৪ মার্চ মামলাটির পরবর্তী তারিখ রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.