Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জের ভবনের একটি ফ্ল্যাটে ‘গ্যাস জমে’ বিস্ফোরণ, দগ্ধ ৬

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের ফ্ল্যাটে গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস জমে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

ফতুল্লার মাসদাইরের পতেঙ্গা এলাকার ওই ভবনের ষষ্ঠ তলায় সোমবার রাত ১২টার দিয়ে এই বিস্ফোরণ হয়।

দগ্ধরা হলেন পোশাকশ্রমিক মো. মিশাল, তার স্ত্রী মিতা বেগম, শিশুকন্যা আফসানা আক্তার, শিশুপুত্র মিনহাজ, চাচাতো ভাই মো. মাহফুজ ও ফুফাতো ভাই সাব্বির হোসেন।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে ওই ফ্ল্যাটে জমে ছিল। সেই থেকেই বিস্ফোরণ হয়।

দগ্ধ মিতার মা রাহেলা বেগম বলেন, ‘রাতে কাজ শেষে বাড়ি ফেরেন মিশাল। অন্যরা বাড়িতেই ছিল। কিছুক্ষণ পরই বিকট শব্দে বিস্ফোরণ হয়।’

ঘটনাস্থল পরিদর্শন করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের বোতল পড়ে ছিল। বিস্ফোরণে তিনটি কক্ষে আগুন ধরে যায়। ফ্ল্যাটে থাকা আসবাব পুড়ে গেছে; দরজা-জানালা ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস লিক হয়ে জমে থাকায় কোনো কাজে আগুন জ্বালানোর পর বিস্ফোরণ ঘটে।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস সদস্যরা দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালে পাঠান। সেখানে থেকে পাঠানো হয় ঢাকায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.