Sylhet Today 24 PRINT

পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে : আইজিপি

সিলেটটুডে ডেস্ক  |  ১০ মার্চ, ২০২১

দেশের উন্নয়নের পাশাপাশি পুলিশেরও উন্নয়ন ঘটানো প্রয়োজন বলে মনে করেন পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, ‘তবে এটি একটি বড় চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জ নিয়েছি, যাতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারি।’

মঙ্গলবার বিকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম) ডিগ্রির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ আইজিপি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে আমাদের উত্তরণ হচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’

পুলিশের পেশাকে একটি ইন্টারন্যাশনাল সার্ভিস হিসেবে উল্লেখ করে ড. বেনজীর আহমেদ বলেন, ‘সভ্য সমাজে পুলিশ ছাড়া কোনো দেশ কল্পনা করা যায় না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১২ বছরে পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে সমুন্নত একটি সুসংহত পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।’

ডিগ্রিপ্রাপ্ত গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, ‘পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলায় লব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে।’

বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মোহাম্মদ নাজিবুর রহমানের সভাপতিত্বে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমডিএস (একাডেমিক অ্যান্ড রিসার্চ) মো. গোলাম রসুল।

গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ডিগ্রি অর্জনকারী গ্রাজুয়েটদের মধ্যে বক্তব্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.