সিলেটটুডে ডেস্ক | ১০ মার্চ, ২০২১
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা কার্যকর থাকবে বলে জনিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর।
তিনি বলেন, সংঘর্ষ ও বিস্ফোরণের পর গুলিতে একজন নিহতের ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ফের সংঘর্ষের আশঙ্কায় প্রশসান এই সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার বিকেল থেকেই মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সন্ধ্যায় দফায় দফায় সংঘর্ষে পুরো বসুরহাট বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষের এক পর্যায়ে রাত ১০টার দিকে গুলিতে একজন নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পৌর কার্যালয়ে কাদের মির্জার সমর্থকেরা তাকে ঘিরে দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় বেশ কয়েকজন। এসময় অন্তত ১২ জন গুলিবিদ্ধ হন। সবমিলিয়ে আহত হন প্রায় ৫০ জন।