Sylhet Today 24 PRINT

পাপুলের বিরদ্ধে অর্থপাচারের মামলার প্রতিবেদন ২১ এপ্রিল

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০২১

লক্ষ্মীপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলসহ ৮ জনের বিরুদ্ধে দায়ের করা মানিলন্ডারিং (অর্থপাচার) মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২১ এপ্রিল ধার্য করেছেন আদালত।

বুধবার (১০ মার্চ) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী প্রতিবেদন দাখিলের এই তারিখ ধার্য করেন।

এর আগে গত বছর ২২ ডিসেম্বর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আলামিন বাদি হয়ে রাজধানীর পল্টন থানায় এই মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন, পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান, মেয়ে ওয়াফা ইসলাম, ভাই কাজী বদরুল আলম লিটন, ব্যক্তিগত কর্মচারী মোহাম্মদ সাদিকুর রহমান মনির, জেসমিন প্রধানের কোম্পানি জে ডব্লিউ লীলাবালী, কাজী বদরুল আল লিটনের মালিনাধীন কোম্পানি জব ব্যাংক ইন্টারন্যাশনাল, এই কোম্পানির ম্যানেজার গোলাম মোস্তফা ও অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জন।

এজাহারে বলা হয়েছে, আসামিরা মানবপাচারকারী চক্রের সদস্য। তারা বিভিন্ন সময় ৩৮ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা অবৈধভাবে আয় করেছেন।  আর এর সঙ্গে পাপুল ও তার মেয়ের প্রতিষ্ঠান জড়িত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.