Sylhet Today 24 PRINT

শ্বশুরের দেওয়া আগুনে প্রাণ গেল অন্তঃসত্ত্বার

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০২১

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের দুর্গম আলোকদিয়া চরে মদ্যপ শ্বশুরের দেওয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন পুত্রবধূ লিবা খাতুন (২৭)।

বৃহস্পতিবার (১১ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে পাবনায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলোকদিয়া চরের কেটি আরদোসের ছেলে জুলহাস (৫৫) বৃহস্পতিবার ভোরে মদ্যপ অবস্থায় তাদের টিনের ঘরে আগুন লাগিয়ে দেয়।

ঘরের ভেতর স্যালোমেশিনের তেল থাকায় ঘরটিতে দ্রুত আগুন লেগে যায়। এ সময় ঘরে থাকা তার ১০ মাসের সন্তানসম্ভবা পুত্রবধূ লিবা দগ্ধ হয়ে মারা যান।

গুরুতর আহত হন তার মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে পার্শ্ববর্তী পাবনা জেলায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

লিবার স্বামী সোলেমান রাজশাহীতে একটি কোম্পানিতে এস্কেভেটর (খননযন্ত্র) অপারেটর হিসেবে কর্মরত আছেন। নিহত লিবা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.