Sylhet Today 24 PRINT

ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের কর্মকর্তারা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মার্চ, ২০২১

প্রায় এক বছরের অচলাবস্থার পর ভাসানচর পরিদর্শনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকার। সামনের সপ্তাহে সংস্থাটির একটি প্রতিনিধি দল রোহিঙ্গাদের জীবনযাপন দেখতে সেখানে যাবেন।

কক্সবাজারের জনাকীর্ণ শরণার্থীশিবির থেকে প্রায় ১৩ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করেছে বাংলাদেশ সরকার।

অধিকাংশ রোহিঙ্গা সেখানে গিয়ে সন্তোষ প্রকাশ করলেও জাতিসংঘ শুরুতে এর বিরোধিতা করেছিল।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের ঢাকা মিশনের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক হয়। সেখানেই এ সিদ্ধান্ত হয়েছে বলে শনিবার জানিয়েছে আনাদোলু এজেন্সি।

জাতিসংঘ কর্মকর্তাদের এই সফরের বিস্তারিত এখনো ঠিক হয়নি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর ঢাকা কার্যালয়ের মুখপাত্র মোস্তফা মোহাম্মদ সাজ্জাদ আনাদোলুকে বলেছেন, ‘বিস্তারিত ঠিক করতে আলোচনা চলছে।’

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) দেলোয়ার হোসেন সফরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘গত সপ্তাহে আমাদের বৈঠক হয়েছে। আমরা জাতিসংঘের কর্মকর্তাদের সরাসরি পরিদর্শনে সহায়তা করতে অফিসিয়াল সিদ্ধান্ত নিয়েছি। সামনের সপ্তাহের মাঝামাঝি সফরটি হবে।’

দেলোয়ার হোসেন জানিয়েছেন, তারা কর্মকর্তাদের সফরে টেকনিক্যাল সহায়তা দেবেন। প্রতিনিধি দল ভাসানচরের অবকাঠামো দেখে সন্তুষ্ট হবে বলেও এই কর্মকর্তা আশা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.