Sylhet Today 24 PRINT

করোনার টিকা নিলে রোজা ভাঙবে না

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২১

রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না বলে মত জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আসন্ন রমজান মাসে কভিড-১৯ এর চলমান টিকা কার্যক্রম বিষয়ে আলোচনায় আলেমগণের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এ মত জানানো হয়।

রোববার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, সভায় দেশের বরেণ্য ওলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

আলোচনায় উপস্থিত আলেমগণ সর্বসম্মতভাবে একমত পোষণ করেন যে, যেহেতু করোনা ভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালী ও পাকস্থলিতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমগণও এমন মত পোষণ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.