সিলেটটুডে ডেস্ক | ১৬ মার্চ, ২০২১
কক্সবাজারের চকরিয়ায় ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে তিন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১১টায় চকরিয়ার হারবাং ইউনিয়নের সাবানঘাটা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুল ইসলাম জানান।
নিহতরা হলেন- মো. জিহাদ (১২), তার দুই ছোট বোন ফৌজিয়া জন্নাত মিম (৯) ও আফিয়া জন্নাত মিতু (৭)।
মিজানুল ইসলাম জানান, সোমবার রাতে খাবার খেয়ে জাগিরের তিন ছেলে-মেয়ে ঘুমিয়ে পড়ে। তাদের মা কাজল বেগম আরেক সন্তানকে নিয়ে বাড়ির কাচারি ঘরে ছিলেন। তখনও গৃহকর্তা জাগির বাসায় ফেরেননি। এর মধ্যে কোনোভাবে ওই বাড়িতে আগুন লাগে। আগুন দেখে কাজল বেগম তার ছোট সন্তানকে নিয়ে কাচারি ঘরে থেকে বের হতে পারলেও ঘুমন্ত তিন শিশুকে আর বের করা যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনাস্থল দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা এগিয়ে এসে পাম্পের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এদিকে অগ্নিকাণ্ডে ৩ শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহতাব উদ্দিনসহ একদল পুলিশ সেখানে যান। তাদের ধারণা বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই বাড়িতে আগুন লেগেছে।