Sylhet Today 24 PRINT

শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগে সংক্ষুব্ধ সুনামগঞ্জবাসীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |  ২২ মার্চ, ২০২১

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে ঢাকাস্থ সংক্ষুব্ধ সুনামগঞ্জবাসী। কর্মসূচিতে বক্তারা সাম্প্রদায়িক এই হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের যেসকল নেতাকর্মীর বিরুদ্ধে হেফাজতকে সহযোগিতার অভিযোগ ওঠেছে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সোমবার (২২ মার্চ) বিকাল ৩টায় শাহবাগ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, নোয়াগাঁওয়ের সাম্প্রদায়িক হামলা একাত্তরের বিভীষিকার কথাই মনে করিয়ে দেয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মাহেন্দ্রক্ষণে এমন হামলা আমাদের হতবাক করেছে। শুধু শাল্লায় নয়, এ হামলা মহান মুক্তিযুদ্ধের চেতনা-সিক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের ওপর আঘাত।

শাল্লার হামলা বিচ্ছিন্ন কোন ঘটনা নয় উল্লেখ করে তারা বলেন, এক শ্রেণির চতুর ধর্মব্যবসায়ী ও উগ্রবাদী গোষ্ঠী দিনের পর দিন রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার করে চলেছে। শান্তিপ্রিয়, ধর্মপ্রাণ, সহজ সরল, সাধারণ মানুষকে প্ররোচিত করছে সংঘাত ও সহিংসতার দিকে। সমাজে সম্প্রদায়ে ছড়াচ্ছে হিংসা ও ঘৃণার বিষবাষ্প। শাল্লার ঘটনা তা থেকে বিচ্ছিন্ন নয়। এখানেও আমরা দেখতে পাই সেই পুরনো উগ্রবাদী গোষ্ঠীর উসকানি। তাদের উসকানিতে, তাদের নামেই স্লোগান দিয়ে হামলা হয়েছে। সে ভিডিও আছে। রামু, নাসিরনগর, ভোলা থেকে শাল্লা একই পরিকল্পনার ছক।

সাম্প্রদায়িক এই হামলায় জড়িত সকলকে অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা, ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া, হামলার সাম্প্রদায়িক উসকানিদাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া, পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকার পরও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা দিতে ব্যর্থ হওয়ায় তাদের প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সুপ্রিম কোর্টের আইনজীবী সব্র্রত দাস খোকনের সভাপতিত্বে সমাবেশে কবি ও লেখক আলমগীর শাহরিয়ার, ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক মিহির দাস, সহসম্পাদক ওয়াসিম আকরাম প্রমুখ বক্তব্য দেন। কর্মসূচিতে রাজধানী ঢাকায় বসবাস করা বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক সুনামগঞ্জের অধিবাসী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.