Sylhet Today 24 PRINT

শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিলেন মোদি

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০২১

সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহ্যবাহী যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে শনিবার সকালে হেলিকপ্টারে শ্যামনগরের ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছান মোদি। সেখান থেকে যান যশোরেশ্বরী কালীমন্দিরে।

এদিকে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদির আগমন ঘিরে পুরো ঈশ্বরপুরে সাজ সাজ রব। কালীমন্দিরকে বিভিন্ন রঙে সাজানো হয়েছে।

জানা গেছে, সাতক্ষীরার শ্যামনগরে সাড়ে ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা করেছেন। একই সঙ্গে তিনি হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সেখান থেকে সকাল ১০টা ৫০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে মোদিকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদনের পালা শেষে সমাধিসৌধ কমপ্লেক্সে একটি গাছের চারা রোপণ করবেন।

বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১টা ৩৫ মিনিটে মোদি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মতুয়াদের প্রধান তীর্থপীঠ ওড়াকান্দিতে যাবেন। সেখানে তিনি হরিচাঁদ মন্দিরে পূজা দেবেন। পরে তিনি মতুয়া প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু'দিনের সফরে শুক্রবার ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.