Sylhet Today 24 PRINT

গণপরিবহনে ফের অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে ফের গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করেছে সরকার।

সোমবার (২৯ মার্চ) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, সব ধরনের জনসমাগম সীমিত করতে হবে। মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

এছাড়া পর্যটন কেন্দ্র, সিনেমা হলে জনসমাগম সীমিত করতে এবং সকল ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে বলা হয়।

এর আগে করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ৩১ মে থেকে গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তখন বাস মালিকদের দাবির মুখে বাস ভাড়া ৬০ ভাগ বাড়ায় সরকার। এর আগে দীর্ঘদিন গণপরিবহন চলাচল বন্ধ থাকে।

তবে করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় গত বছরের ১ সেপ্টেম্বর থেকে আবারও বাসের সব সিটে যাত্রী পরিবহন শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.