Sylhet Today 24 PRINT

অনুপ চেটিয়ার হস্তান্তর: হাসিনাকে মোদির ধন্যবাদ

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৫

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তর করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টেলিফোনে কথা বলার এক টুইট বার্তায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি, একই সঙ্গে দীপাবলীর শুভেচ্ছাও জানান।

কথা শেষে ভারতীয় প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটারে একটি টুইট করা হয়। টুইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীপাবলীর শুভেচ্ছার পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবেলায় সহায়তার জন্য ধন্যবাদ জানান মোদি।

টুইটে লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। শেখ হাসিনাকে দীপাবলীর শুভেচ্ছা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় সহায়তার জন্য ধন্যবাদ জানান তিনি।’

এর আগে বুধবার সকালে অনুপ চেটিয়াকে ভারত সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হয় বলে জানায় ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া)।

প্রসঙ্গত, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামকে বিচ্ছিন্ন করে একটি আলাদা রাষ্ট্র কায়েমের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করছিল সশস্ত্র সংগঠন উলফা। গোলাপ বড়ুয়া ওরফে অনুপ চেটিয়া এ সংগঠনের সাধারণ সম্পাদক।

১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ এবং অবৈধ মুদ্রা ও স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে 'ফরেনার্স অ্যাক্ট ও পাসপোর্ট' আইনে তার বিরুদ্ধে মামলা হয়। ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।

এছাড়া ১৯৯৮ সালের অক্টোবরে তত্কালীন ঢাকা মূখ্য মহানগর হাকিমের আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আরও চার বছরের সশ্রম কারাদণ্ড দেন।

২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তার সাজার মেয়াদ শেষ হয়। এরপর তিনি জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে চিঠি দেন। এছাড়া ভারতে ফেরত দেওয়ার বিরুদ্ধে রিট করেন হাইকোর্টেও।

২০০৯ সালের ৪ ডিসেম্বর অনুপ চেটিয়াকে ময়মনসিংহ কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

২০১২ সাল থেকে অনুপ চেটিয়া কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তার সাজার মেয়াদ শেষ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.