Sylhet Today 24 PRINT

চুক্তির বাকি ভ্যাকসিন দ্রুত পেয়ে যাবে বাংলাদেশ: দোরাইস্বামী

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০২১

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশে ৭০ লাখ টিকা সরবরাহ করেছে ভারত। চুক্তি মতো বাকি ভ্যাকসিন বাংলাদেশ খুব দ্রুত পেয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে সীমান্তপথে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে এ মুহূর্তে নিজেদের কোভিড ভ্যাকসিনের সংকট আছে, উৎপাদন বাড়ানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও কোভিড ভ্যাকসিন সরবরাহ করা হবে। কোভিড ভ্যাকসিনের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ভাটা পড়বে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণেই অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহ চুক্তি আছে এবং চুক্তিমতে বাকি টিকাগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে।

হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীকে চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-এ আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.