Sylhet Today 24 PRINT

হাসপাতালে খালেদা জিয়া

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে বসুন্ধরার আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সিটি স্ক্যান ও ইকো করার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে (খালেদা জিয়া) হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়াকে ১২ দিনের মধ্যে আবার সিটি স্ক্যান করানোর জন্য হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে গুলশানের ফিরোজা বাসভবন থেকে বের হয়ে ১০টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও আব্দুল্লাহ আল মামুন।

এর আগে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় কয়েকজন চিকিৎসক ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন হাজির হন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেছিলেন, বিএনপি চেয়ারপারসনের সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে এ ব্যাপারে সব ব্যবস্থা করা হয়েছে। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানোর পর আবার তাকে গুলশানের বাসায় নেয়া হবে।

খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে গত ১১ এপ্রিল। গুলশানের বাসভবন ফিরোজার দ্বিতীয় তলায় একটি রুমে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল।

গত ১৫ এপ্রিল একই হাসপাতালে সিটি স্ক্যান করানো হয় বিএনপি নেত্রীর। সে রিপোর্ট ভালো আসে বলে বিএনপি থেকে জানানো হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.