Sylhet Today 24 PRINT

আরও দু’দিন হাসপাতালে থাকতে হচ্ছে খালেদাকে

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০২১

শারীরিক পরীক্ষা-নিরিক্ষার সুবিধার্থে অন্তত আরও দুদিন হাসপাতালেই থাকতে হবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসকদের একজন এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘ম্যাডাম তো এখানে অসুস্থ হয়ে এসে ভর্তি হয়নি, নিয়মিত চেকআপের জন্য ভর্তি করা হয়েছে। রাতে যেহেতু একসাথে সব পরীক্ষা-নিরিক্ষা করা যায়নি, তাই হাসপাতালে থেকেই তার পরীক্ষা-নিরিক্ষার কথা ভাবা হয়৷’

হাসপাতালে কতদিন থাকতে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটাতো নির্ধারিত কিছু না। বলা যায় না কয়দিন থাকবেন। তবে আজ আর কাল কিছু টেস্ট করানো হবে। সেগুলো রিভিউ করে তারপর সিদ্ধান্ত নেয়া হবে। তবে আজ আর কাল হাসপাতালে থাকতে হচ্ছেই।’

এখন পর্যন্ত যে টেস্টগুলো করানো হয়েছে সেগুলোর ফলাফল কি জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যা দেখলাম ওভারঅল সব ঠিক আছে। ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতীশিল।’

বেগম খালেদা এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের অধীনে সাত তলায় ৭২০৩ রুমে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত ১০টা ১০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন গৃহকর্মী ফাতেমা।

এ সময় হাসপাতালে আসেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসক জাহিদ হোসেন, আল মামুন ও এফ এম সিদ্দিকী। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় বিএনপি চেয়ারপারসনকে দেখতে যান।

গত শনিবার খালেদা জিয়ার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্টও পজিটিভ আসার কথা জানিয়ে তার চিকিৎসক এফ এম সিদ্দিকী গণমাধ্যমে বলেন, তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।

১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও এ সময় করোনা আক্রান্ত হন।

১৫ এপ্রিল রাতে খালেদাকে নেয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখাতে তার সিটি স্ক্যান করা হয়। তারপর তার ব্যক্তিগত চিকিৎসকরা বলেন, সিটি স্ক্যানে খালেদা জিয়ার ফুসফুসে খুবই সামান্য সংক্রমণ ধরা পড়ে। যা সত্যিকার অর্থে মাইল্ড পর্যায়েও পড়ে না। তাই খালেদা জিয়ার আগের ওষুধের সঙ্গে নতুন ওষুধ অ্যান্টিবায়োটিক যুক্ত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.