Sylhet Today 24 PRINT

দেশে এলো নূর হোসেন

সিলেটটুডে ডেস্ক |  ১২ নভেম্বর, ২০১৫

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে পেট্রোপোল সীমন্ত দিয়ে দেশে আনা হয়েছে।

হস্তান্তর প্রক্রিয়া সম্পন্নের এ প্রক্রিয়া যথাযথ আইনি প্রক্রিয়ায় হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে নূর হোসেনকে বুঝে নিতে বেনাপোল চেকপোস্ট এর জিরো পয়েন্টে অবস্থান পৌঁছান বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে রয়েছেন, ২৬ ব্যাটালিয়ন বিজিবির উপ অধিনায়ক মেজর লেয়াকত হোসেন, পুলিশ সুপার আনিসুর রহমান, ডিবি পুলিশের ওসি রাব্বি হাশমি, বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ এবং নারায়ণগঞ্জ জেলা এএসপি মোকলেসুর রহমান।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।

এরপর ২০১৪ সালের ১৪ জুন কলকাতার দমদম বিমানবন্দরের কাছে কৈখালি এলাকার একটি বাড়ি থেকে দুই সহযোগীসহ তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ।

নিহত নজরুলের মতো নূর হোসেনও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ছিলেন। পরে তাকে বরখাস্ত করা হয়।

সাত খুনের মামলায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২২ জন কারাগারে রয়েছে। পলাতক রয়েছেন র‌্যাবের ৮ সদস্যসহ ১৩ আসামি।

এর আগে গত ১৫ অক্টোবের ভারতের আদালত নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

সেসময় ভারতের কর্মকর্তারা জানিয়ছিলেন, দ্রুততম সময়ের মধ্যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.