Sylhet Today 24 PRINT

গুলশানে তরুণীর মৃত্যু: হুইপপুত্র শারুনের বিরুদ্ধে মামলার আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০২১

গুলশানে তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এবার জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন করেছেন ওই তরুণীর ভাই।

রোববার দুপুরে ঢাকার মুখ্যমহানগর আদালতের (সিএমএম) হাকিম মোর্শেদ আল মামুনের কোর্টে আবেদনটি করা হয়। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ শেষে এ বিষয়ে পরে আদেশ দেয়ার কথা জানিয়েছেন।

মামলার আবেদনে বলা হয়, ওই তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনায় অভিযোগে মামলা করা হয়। সেই মামলার প্রেক্ষিতে বাদী বিভিন্ন পত্র-পত্রিকা, টেলিভিশনের মাধ্যমে জানতে পারেন, শাহরুনের ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে মনোমালিন্যও হয়।

‘এরই পরিপ্রেক্ষিতে শারুন গুলশানের বাসায় গিয়ে মুনিয়াকে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রাখেন।’

গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের একটি ভবন থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মেয়েটিকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে সোমবার রাতেই গুলশান থানায় মামলা করেন তার বড় বোন। এতে আসামি করা হয় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে।

এ ঘটনায় মামলার পর মঙ্গলবারই সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় বিচারিক আদালত।

এই মামলায় আগাম জামিনের জন্য আবেদন করেন আনভীর। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত বুধবার জামিনের আবেদনটি করা হয়। এরপর এটি শুনানির জন্য বৃহস্পতিবার বিচারপতি মামুনুর রহমানের বেঞ্চের কার্যতালিকায় রাখা হলেও করোনা পরিস্থিতির কথা জানিয়ে শুনানি করেননি বিচারক।

তরুণীর মৃতদেহ উদ্ধারের পর থেকেই বসুন্ধরার এমডির পাশাপাশি উঠে আসে শারুনের নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শারুনের সঙ্গে ওই তরুণীর কথোপকথনের কিছু স্ক্রিনশট। এসব থেকে ইঙ্গিত পাওয়া যায়,শারুনের সঙ্গে ওই তরুণীর চেনা-জানা ছিলেন। তাদের মধ্যে প্রায়ই কথা হতো।

ওই তরুণীর ‘আত্মহত্যার’ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এ ঘটনায় সবাই সুষ্ঠু বিচারের দাবি তুলেছেন। বিষয়টি নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও।

গত বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আইন অনুযায়ী সব চলবে। যেই অপরাধী হোক, তাকে আইনের মুখোমুখি হতে হবে। বিচারের মুখোমুখি হতে হবে। এটি তদন্তাধীন রয়েছে। সেই তদন্তের পরই আমরা বলতে পারব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.