Sylhet Today 24 PRINT

ফের পাঁচ দিনের রিমান্ডে মামুনুল হক

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০২১

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৪ মে) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার এ আদেশ দেন। সাত দিনের রিমান্ড শেষে আজ মামুনুল হককে আদালতে হাজির করা হয়েছিল।

রাজধানীর পল্টন থানায় করা পৃথক দুই মামলায় পুলিশ মামুনুল হকের ১৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

মতিঝিল ও পল্টন থানায় দায়ের হওয়া নাশকতার দুই মামলায় গত ২৬ এপ্রিল মামুনুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছিলেন আদালত।

গত ১৮ এপ্রিল দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

একই আদালত হেফাজতে ইসলামের ঢাকা মহানগর ইউনিটের সভাপতি জুনায়েদ আল হাবিবের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তিন মামলায় পুলিশ তার ২৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.