Sylhet Today 24 PRINT

অনুমতির অপেক্ষায় খালেদা জিয়ার পরিবার

সিলেটটুডে ডেস্ক: |  ০৮ মে, ২০২১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে তার পরিবার। এরইমধ্যে পরিবারের পক্ষ থেকে তার বিদেশে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হলেও শনিবার রাত পর্যন্ত সরকারের অনুমতি মেলেনি।

​তবে রোববার এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানা যেতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার সন্ধ্যায় আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ক্ষেত্রে শর্ত শিথিলের সুযোগ আছে কি-না তা নিয়ে মতামত প্রদান শেষে রোববার এ সংক্রান্ত নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি বলেন, ‘শনিবার ছুটির দিনে কর্মকর্তা-কর্মচারী না থাকায় নথি পাঠানো সম্ভব হয়নি। তাই আইনি মতামতসহ রোববার সকালে কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে।’ কী মতামত দেওয়া হয়েছে- জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘কী মতামত দিয়েছি সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই জানাবে।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক শনিবার জানান, তাকে শনিবারও অক্সিজেন দেওয়া হয়েছে। তবে আগের ৩ থেকে ৪ লিটারের পরিবর্তে ১ থেকে ২ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে। তিনি সামান্য খাবার খেতে পারছেন। স্যালাইন চলছে। তার ফুসফুসের ওপরের স্ক্রিনের ভেতর পানি জমছে। যেটা আশঙ্কাজনক মনে হলেও পরীক্ষায় তেমন কিছু পাওয়া যায়নি। সাধারণত হৃদযন্ত্রের কোনো ত্রুটির কারণে এই পানি জমে। তবে তার হৃদযন্ত্র অনেকটাই ভালো বলে জানান ওই চিকিৎসক।

বিদেশে নেওয়ার বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে কাছাকাছি দেশে নেওয়ার মতো অবস্থা তার এখনও রয়েছে। তবে সরকারের অনুমতি পাওয়ার পর মেডিকেল টিমের সদস্যরা তার সব বিষয়ে আবারও পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। রোববার মেডিকেল টিমের বৈঠক হবে বলে জানা গেছে।

অবশ্য আরেকজন চিকিৎসক বলেন, এখানকার মেডিকেল টিমের সিদ্ধান্ত বা পরামর্শ নিলেই হবে না। যে দেশে এবং যে হাসপাতালে তার চিকিৎসা নেওয়া হবে, সেখানকার চিকিৎসকরাও তার সর্বশেষ অবস্থা জেনে তার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

বিএনপি চেয়ারপারসনের পারিবারিক সূত্র জানায়, বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে সরকারের সবুজ সংকেত পেয়ে তারা ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখন সরকারের অনুমতি পাওয়ার পরিপ্রেক্ষিতে পাসপোর্ট, ভিসাসহ অন্যান্য বিষয়াদি চূড়ান্ত করবেন তারা। এক্ষেত্রে সরকারের আদেশে অল্প সময়ের মধ্যে সেসব করা সম্ভব হবে বলে মনে করছেন তারা।

খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন সমকালকে বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত সম্পর্কে তারা এখনো কিছু জানেন না। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল, আগের দিনের মতো অপরিবর্তিত রয়েছে।

দোয়া মিলাদ: খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শনিবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নীচে এবং পশের মসজিদে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়। এতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া, কোরআন খতম ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শাজাহান বেপারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-কোষাধ্যক্ষ মেহের কায়সার খান রানা, জেলা যুবদলের সহ সভাপতি আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আবির ইসলাম খান, জেলা মহিলা দলের সভানেত্রী পাপিয়া ইসলাম প্রমুখ।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি মাহমুদুল হাসান বাপ্পীর উদ্যোগে ইফতার ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি মুনতাজুল হাসান মুন, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান সজীব, তেজগাও কলেজ ছাত্রদলের মুনকীর হাসান সাগর প্রমুখ।

সুচিকিৎসা ও স্থায়ী মুক্তি চায় ড্যাব: এদিকে খালেদা জিয়ার সুচিকিৎসা ও তার দ্রুত স্থায়ী মুক্তি দাবি করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক ডা. আব্দুস সালাম এক বিবৃতিতে বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সকল সংগঠনের নেতাকর্মীসহ দেশের জনসাধারণ চরম উদ্বিগ্ন, উৎকন্ঠিত। ড্যাব তার সুচিকিৎসার জন্য স্থায়ী মুক্তিসহ প্রয়োজনে দ্রুত বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.