Sylhet Today 24 PRINT

সন্ত্রাসীদের কোনও বর্ণ কিংবা ধর্ম নেই, শোক ও নিন্দা বার্তায় শেখ হাসিনা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০১৫

সন্ত্রাসীদের কোনও জাত, বর্ণ কিংবা ধর্ম নেই উল্লেখ করে ফ্রান্সের রাজধানী প্যারিসে জঙ্গিদের ধারাবাহিক হামলায় দেড় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে পাঠানো এক বার্তায় এই নিন্দা জানান তিনি। সন্ত্রাসের বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ে বাংলাদেশের সমর্থনও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ কথা জানিয়েছে।

শেখ হাসিনা বলেন, সন্ত্রাসিরা সন্ত্রাসিই। তাদের কোনও জাত, বর্ণ কিংবা ধর্ম নেই। আর সভ্য সমাজে এদের কোনও স্থানও থাকতে পারে না।

তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা এক হয়ে কাজ করবো।

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্যারিস জুড়ে এসব হামলায় নিরাপরাধ মানুষের প্রাণহানি ও জখম হওয়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।

বাংলাদেশের জণগণ ও তার নিজের পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ফরাসী সাধারণ নাগরিক ও সরকারের প্রতি সংহতি জ্ঞাপন করছি।

ফ্রাঁসোয়া ওলাঁদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি আপনার ও আপনার নাগরিকদের প্রতি আমাদের গভীর শোক জানাচ্ছি। শোক সন্তপ্ত পরিবারগুলোর জন্য আমাদের সমবেদনা জানাচ্ছি। তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.