Sylhet Today 24 PRINT

মিতু হত্যা: আরেক আসামি চার দিনের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০২১

মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদার ওরফে সাকুকে জিজ্ঞাসাবাদ করতে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ মে) বিকেল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকা থেকে বুধবার রাতে সাইদুলকে গ্রেপ্তার করা হয়। মাহমুদার বাবার করা হত্যা মামলায় সাইদুলকে আসামি করা হয়েছে। 

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, আসামি সাইদুলকে জিজ্ঞাসাবাদ করতে পিবিআই সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আলোচিত এই হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজনদের একজন কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা দীর্ঘদিন ধরে নিখোঁজ। তারই ভাই সাইদুল ইসলাম শিকদার। মিতু হত্যার পর তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার যে মামলা করেছিলেন, সেই মামলার তদন্তে এই দুই ভাইয়ের নাম এসেছিল। সাইদুল গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্তি পান।

বাবুলসহ আটজনকে আসামি করে বুধবার একটি হত্যা মামলা দায়ের করেছেন মিতুর বাবা মোশাররফ হোসেন। বাবুলকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.