Sylhet Today 24 PRINT

রোজিনা জামিন পাবেন বলে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০২১

সরকারি নথি চুরির অভিযোগের মামলায় গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলাম বৃহস্পতিবার জামিন পাবেন বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোজিনার বিষয়ে মঙ্গলবার (১৮ মে) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক এসে সাংবাদিক নেতারা এ কথা জানান।

বৈঠক শেষে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘আমরা বিষয়টি দেখছি। উনি (রোজিনা ইসলাম) যাতে জেল খানায় ভালোভাবে থাকতে পারেন সে ব্যবস্থাও করছি। আশা করি, বৃহস্পতিবার জামিন হয়ে যাবে।’

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি রুমে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর শাহবাগ থানায় পাঠিয়ে সোমবার রাতে ‘অফিশিয়াল সিক্রেটস’ অ্যাক্টে রোজিনার বিরুদ্ধে মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মঙ্গলবার সকালে রোজিনাকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। জামিন আবেদন করেন রোজিনার আইনজীবীরা।

শুনানি শেষে বিচারক মোহাম্মদ জসিম রিমান্ড আবেদন নাকচ করে দেন। আর জামিন আবেদন আংশিক শুনানি শেষে বাকি শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.