Sylhet Today 24 PRINT

কাশিমপুর কারাগারে সাংবাদিক রোজিনা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০২১

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সরকারি নথির ছবি তোলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ মে) বেলা পৌনে ৩টার দিকে একটি প্রিজনভ্যানে করে সাংবাদিক রোজিনা ইসলামকে কাশিমপুর কারাগারে আনা হয়। পেছনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পাহারায় ছিল।

এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২০ মে তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।

কাশিমপুর কারাগার সূত্র জানায়, রোজিনা ইসলামকে বেলা পৌনে ৩টার দিকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে। এ সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু ও নিকট আত্মীয়দের দেখা যায়।

রোজিনার স্বামী মনিরুল ইসলাম মিঠু বলেন, রোজিনা ইসলামের শারীরিক অবস্থা ভালো না। তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত।

উল্লেখ্য, সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন‌্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ‌্য সচিবের পিএস সাইফুল ইসলামের রুমে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে ওই রুমে আটকে রাখা হয়। সেসময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এক পর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পুলিশে হেফাজতে নেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.