Sylhet Today 24 PRINT

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: হানিফ

সিলেটটুডে ডেস্ক: |  ১৮ মে, ২০২১

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকেরা। এসময় রোজিনার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

এবার সেই তালিকায় যোগ হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় তার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ ঘটনার প্রতিবাদ জানান।

ফেসবুক পোস্টে হানিফ লেখেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে।’ তার এ স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত ঘোষণা করেন।’

তাছাড়া দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা ও তাঁকে নিপীড়নের প্রতিবাদে আজ মঙ্গলবার বিকালে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকরা স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে শাহবাগ থানায় অবস্থান নিয়েছেন।

সাংবাদিকদের দাবি, রোজিনা ইসলামের বিরুদ্ধে যে ধরণের অভিযোগ আনা হয়েছে, সেই একই অভিযোগ যেকোনো অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে আনা যায়। সে কারণে রোজিনা ইসলামকে কথিত যে দোষে দোষী বলে অভিযুক্ত করা হচ্ছে, এমন অসংখ্য অভিযোগ থানায় উপস্থিত সাংবাদিকদের বিরুদ্ধেও আনা যায়। কারণ অনুসন্ধানী সাংবাদিকরা জনস্বার্থে এমন গোপন নথির মাধ্যমে দুর্নীতি উন্মোচন করে থাকেন।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সাথে অন্যায় করা হচ্ছে বলে দাবি করেছেন সাংবাদিক রোজিনা ইসলাম। আজ মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার পর আদালতে তোলার প্রাক্কালে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে নেওয়ার সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে রোজিনা ইসলাম বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমার সাথে অন্যায় আচরণ করা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সাথে অন্যায় করা হচ্ছে।’

অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর সোমবার শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.