Sylhet Today 24 PRINT

কয়েসের আসনে উপনির্বাচন জুলাইয়ে

সিলেটটুডে ডেস্ক: |  ১৯ মে, ২০২১

সিলেট-৩ আসনের উপ নির্বাচনের তফসিল আগামী ২৪ মে ঘোষণা করা হবে। আর ভোট হবে জুলাই মাসে।

এই আসনের সাংসদ আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস গত ১১ মার্চ ঢাকার একটি হাসপাতালে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়।

সিলেট-৩ আসন ছাড়াও ২৪ মে লক্ষ্মীপুর-২, ঢাকা-১৪ এবং কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনের তফসিল  ঘোষণা করা হবে।

বুধবার (১৯ মে) নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার সাংবাদিকদের এ কথা জানান।

করোনা পরিস্থিতি যেমনই হোক এর মধ্যে নির্বাচন আয়োজন করার পক্ষে নির্বাচন কমিশন (ইসি)। করোনা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আইন অনুযায়ী কমিশনকে নির্বাচন করতেই হবে। এ লক্ষ্যে আজ বুধবার বিকেলে কমিশন সভার আহ্বান করে ইসি।

গত ১১ মে কমিশনের অনানুষ্ঠানিক এক বৈঠকে এ সভা আহ্বান করা হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সিলেট-৩ ও লক্ষ্মীপুর-২ আসনে প্রধান নির্বাচন কমিশনারের ক্ষমতা বলে পরবর্তী ৯০ দিনও পার হয়ে গেছে। করোনা সংক্রমণ বাড়ার কারণে ১ মার্চ সব ধরণের নির্বাচন স্থগিত করে কমিশন।

এছাড়া অনেক নির্বাচনের মেয়াদ শেষ হলেও সিইসির বিশেষ ক্ষমতাবলে এসব নির্বাচন মেয়াদ ৯০ দিন বাড়ানো হয়। এই ৯০ দিনও পার হয়ে যাচ্ছে কিছু নির্বাচনের। তাই এসব নির্বাচন আয়োজন করার কথা ভাবছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.