Sylhet Today 24 PRINT

স্যাটেলাইটের বিল বকেয়া, এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০২১

বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন

বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। স্যাটেলাইটের বকেয়া বিল পরিশোধ না করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অবশ্য বিএসসিএল জানিয়েছে, আজ শুক্রবার দুপুরের মধ্যেই এসএটিভির সম্প্রচার চালু হবে। তবে চ্যানেল নাইন পুনরায় চালু হতে পারে আগামী রোববার থেকে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

তিনি আজ শুক্রবার বলেন, বিদ্যুৎ বিল বাকি থাকলে যেমন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, স্যাটেলাইটের ক্ষেত্রেও এ রকম নিয়ম রয়েছে। এ দুটি টেলিভিশনের সম্প্রচার গতকাল বৃহস্পতিবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে দুটি টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এসএটিভির সম্প্রচার হয়তো আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে চালু হয়ে যাবে। আর চ্যানেল নাইন চালু হতে পারে রোববার নাগাদ, বলেন বিএসসিএল চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.