Sylhet Today 24 PRINT

ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগ: ইমাম গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক: |  ২১ মে, ২০২১

নড়াইলের কালিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে উপজেলার নড়াগাতি থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নিধিপুর গ্রামে ওই শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার সকালে নড়াগাতি থানায় মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার শিশুটির বাবা।

গ্রেপ্তার আব্দুর রহমান উপজেলার নিধিপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খুলনা জেলার তেরখাদা উপজেলার পাটগাতী গ্রামের আব্দুল আজিজ ভূঁইয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, নিধিপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম আব্দুর রহমান দীর্ঘদিন ধরে প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদে মক্তব পরিচালনা করে আসছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মসজিদের পাশে বসবাসকারী ওই শিশুটি অন্য শিশুদের সাথে মক্তবে পড়তে যায়। আব্দুর রহমান মক্তব ছুটি দিয়ে ৬ বছরের ওই শিশুটিকে প্রাইভেট পড়ানোর নাম করে রেখে দিয়ে মসজিদ সংলগ্ন ইমামের থাকার ঘরে নিয়ে নানা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর শিশুটির হাতে ১০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে কিছু কিনে খেতে বলে এবং ঘটনাটি কাউকে বলতে নিষেধ করে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। ধর্ষণের শিকার শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবা ও মাকে জানালে তারা মসজিদে ছুটে যান। কিন্তু ইমামকে না পেয়ে স্থানীয় লোকজনকে জানিয়ে বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা তাকে আটক করে নড়াগাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, ‘দায়েরকৃত মামলায় আব্দুর রহমানকে গ্রেপ্তার করে নড়াইল আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.