Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে টিকা দিতে রাজি যুক্তরাষ্ট্র

সিলেটটুডে ডেস্ক |  ২২ মে, ২০২১

বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দিতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন। তারা বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা দিতে সম্মত হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকায় বাইডেন প্রশাসন উন্নয়নশীল দেশগুলোকে প্রায় ১ কোটি ৬০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেবার যে ঘোষণা দিয়েছেন, সিএনএন টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রী মোমেন তাকে স্বাগত জানিয়েছেন।

ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশের জন্য এটা খুবই সুখবর, কারণ ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা কেনার জন্য চুক্তি সম্পাদন করেছিল বাংলাদেশ। কিন্তু সিরাম এ পর্যন্ত মাত্র ৭০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে সরবরাহ করেছে। ভারত উপহার হিসাবে দিয়েছে ৩২লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন।

মোমেন সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশে যেসব মানুষ এই টিকার প্রথম ডোজ পেয়েছেন, টিকার অভাবে তাদের একটা বড় অংশ দ্বিতীয় ডোজ নিতে পারছেন না।

তিনি বলেন, এটা আমাদের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করেছে। ‌‘আমরা যখন অন্য জায়গা থেকে ভ্যাকসিন পাবার চেষ্টা করছি, তখন আমেরিকা অন্য দেশকে অ্যাস্ট্রাজেনেকা টিকা দেবার সিদ্ধান্ত ঘোষণার খবর শুনেছি।’

তিনি বলেন, যুক্তরাষ্ট বাংলাদেশকে কিছু ডোজ টিকা দিতে রাজি হয়েছে। তবে সমস্যা হল এফডিএ (আমেরিকার খাদ্য ও ওষুধ প্রশাসন) এই অ্যাস্ট্রাজেনেকা টিকার রপ্তানির অনুমোদন দিতে অনেক সময় নিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যাকসিন ইতোমধ্যেই অনুমোদন করেছে। তাই ‘এফডিএ এটি অনুমোদন না করলেও, আমেরিকা যদি টিকার চালান পাঠাতে রাজি হয়, বাংলাদেশ অবিলম্বে তা নিতে রাজি আছে বলে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.