Sylhet Today 24 PRINT

সরকারি সহায়তা চাওয়ায় ত্রাণ বিতরণে বাধ্য: তদন্তে ৩ সদস্যের কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০২১

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুলে বিপাকে পড়ে ব্যবসায়ী ফরিদ আহমেদের ত্রাণ বিতরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শামিম ব্যাপারীকে প্রধান করে তিন সদস্যের এই কমিটিকে বুধবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুস্তাইন বিল্লাহ।

তিনি বলেন, ‘তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জেলা প্রশাসনের মাধ্যমে।’

গত বৃহস্পতিবার ফরিদ আহমেদ ত্রাণ চেয়ে ৩৩৩ নম্বরে ফোন করে বিপাকে পড়েন।

তিনি একটি চারতলা ভবনে থাকেন, যেটি তাদের পারিবারিক সম্পত্তি। আর তার গেঞ্জি কারখানা আছে।

এই তথ্যটুকু জেনে আর কিছু যাচাই বাছাই না করেই তাকে ১০০ জনের মধ্যে ত্রাণ বিতরণের নির্দেশ দেয়া হয়। বলা হয়, সরকার যে পরিমাণ ত্রাণ দেয়, সেই পরিমাণ খাবার থাকতে হবে সেই প্যাকেটে।

ফরিদের বাসায় গিয়ে এই নির্দেশ দেন আরিফা জরুরা।

তাকে প্রশাসনের লোকজন জানান, আদেশ পালন করা না হলে তাকে কারাগারে যেতে হবে।

ফরিদ আহমেদের বাড়ি, কারখানা সবই আছে। কিন্তু এর পেছনে আরও কাহিনিও আছে। সেই বাড়ি ছয় ভাই বোনের। আর ২০২০ সালে করোনার প্রাদুর্ভাবের পর থেকে কারখানাও বন্ধ।

এরপর ফরিদ একটি কারখানায় চাকরি নেন। কিন্তু চোখের সমস্যায় সেই কাজও করতে পারছিলেন না। এই পরিস্থিতিতে ৩৩৩ নম্বরে ফোন করে খাবার চান তিনি।

শনিবার ইউএনও ফরিদের বাড়িতে এসে নিজে ত্রাণ বিতরণ করেন, তার সেখানে গিয়ে তার দুর্গতির কথা জানা যায়।

ফরিদের স্বজনরা জানান, কারাভোগের ভয়ে স্ত্রীর অলঙ্কার বন্ধক রেখে সুদে টাকা নিয়ে ৬৫ হাজার টাকায় কেনা হয় ত্রাণ।

শুক্রবার রাতে এই প্রবীণ মানুষটি দুই বার আত্মহত্যা করতে গিয়েছিলেন। তাকে পাহারা দিয়ে রাখা হয়।

এনিয়ে সংবাদ প্রকাশের পর তোলপাড় পড়ে যায়।

ইউএনও দুইবার ফরিদের বাড়িতে গিয়েও কিছু শোনেননি বলে দাবি করেন। আর পরে তিনি বলেন, ফরিদ তাকে কিছু বলেনি। ঘটনা তদন্ত করে তিনি দুস্থ প্রমাণ হলে টাকা ফেরত দেয়া হবে।

পরদিন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জানান, ফরিদের পুরো টাকাই ফেরত দেয়া হবে। আর ইউএনওর ভুলের দায় এখন মেটাবে সরকার। জনগণের করের টাকায় পরিশোধ করা হবে সেই ৬৫ হাজার টাকা।

রোববার সকাল থেকেই প্রশাসনের ২০ থেকে ২৫ জন মানুষ ফরিদের বাসায় আসতে থাকেন। তারা ফরিদকে আলাদা কক্ষে নিয়ে দরজা বন্ধ করে তার সঙ্গে কথা বলেন।

কিন্তু তারা নিজেদের পরিচয় গণমাধ্যমকে দেননি, আর ফরিদের সঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়েও কিছু বলেননি।

তবে নারায়ণগঞ্জের সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নাসিরউদ্দিন বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। আমরা ফরিদ আহমেদকে নিশ্চিত করেছি, তিনি যে টাকার মালপত্র কিনে বিতরণ করেছেন, সে টাকা ফেরত দেয়া হবে। এবং আমরা পুরো ঘটনাটি তার কাছ থেকে শুনেছি। কিন্তু তা বলতে পারব না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলবেন।’

ইউএনও আরিফা জহুরা সকাল থেকেই ফোন ধরছেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.