সিলেটটুডে ডেস্ক | ২৩ মে, ২০২১
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে কাশিমপুর কারাগার থেকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে করোনা পরীক্ষা করার পর আইসোলেশনে রাখা হবে। রোজিনা ইসলাম আগে থেকেই উচ্চ রক্তচাপসহ বেশকিছু অসুখে ভুগছিলেন।
রোববার (২৩ মে) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এরআগে রোববার বিকেল ৪টা ২০ মিনিটে কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পান রোজিনা ইসলাম। পরে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে যান।
রোজিনা ইসলামের ছোট বোন সাবিনা পারভেজ বলেন, ‘সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে রোজিনাকে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তার স্বাস্থ্য পরীক্ষা চলছে।’
রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম বলেন, রোজিনা ইসলামের সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষা করানো হচ্ছে।
হাসপাতালে রোজিনা ইসলামের সঙ্গে তার স্বজন ও সহকর্মীরা রয়েছেন।
গত সোমবার পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়। রাত সাড়ে আটটার দিকে তাঁকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাত পৌনে ১২টার দিকে রোজিনার বিরুদ্ধে শাহবাগ থানায় দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়।