Sylhet Today 24 PRINT

নোবেলের বিরুদ্ধে এবার সুরকার ইথুন বাবুর জিডি

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মে, ২০২১

কণ্ঠশিল্পী নোবেল

এক সাংবাদিককে জেলে পোরার হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়ে সম্প্রতি তুমুল সমালোচিত কণ্ঠশিল্পী নোবেলের বিরুদ্ধে এবার সাধারণ ডায়রি (জিডি) করেছেন গীতিকার, সুরকার ইথুন বাবু।

গতকাল রোববার (২৩ মে) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় ইথুন বাবু এই জিডি করেন বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল।

তিনি জানান, রাত ১০টার দিকে থানায় এসে ইথুন বাবু নোবেলের বিরুদ্ধে জিডি করেছেন। ফেসবুক পোস্টের মাধ্যমে নোবেল তার মানহানি করেছেন বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

ইথুন বাবু জিডি করার পর তার ফেসবুক অ্যাকাউন্টে হাতিরঝিল থানাকে ধন্যবাদ দিয়ে দুই লাইনের একটি স্ট্যাটাস দিয়েছেন।

১৪ মে কণ্ঠশিল্পী নোবেলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ইথুন বাবুর নামে আপত্তিকর ভাষায় লেখা পোস্ট পাওয়া যায়। যেখানে লেখা ছিল, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে।’

সেই দিনই নোবেল গণমাধ্যমকে জানিয়েছিলেন, তার ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। কিন্তু ১৯ মে বিকেলে ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার নাজমুল ইসলাম নোবেলের সঙ্গে কথা বলার পর ফেসবুক স্ট্যাটাসে ফেসবুক হ্যাকড হওয়াকে ‘কথিত’ বলে উল্লেখ করেন।

এর আগে সাংবাদিক আল কাছিরকে ‘জেলে পুরবেন’ বলে হুমকি দিলে ১৭ মে কলাবাগান থানায় নোবেলের নামে জিডি হয়। ১৯ মে তিনি ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার নাজমুল ইসলামের সঙ্গে কথা বলার পর তার ভেরিফাইড ফেসবুক পেজে ইথুন বাবু, জেমস ও সাংবাদিক আল কাছিরের কাছে ক্ষমা চান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.