Sylhet Today 24 PRINT

সিলেট-৩ আসনে উপনির্বাচন কবে জানা যাবে ২ জুন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মে, ২০২১

সিলেট-৩ আসনসহ জাতীয় সংসদের শূন্য হওয়া চার আসনে জুলাইয়ের মাঝামাঝিতে উপনির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৪ মে) ৮০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে ইসি সচিব জানান, চার শূন্য আসনে জুলাইয়ের মাঝামাঝি উপ-নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। ২ জুন অনুষ্ঠেয় কমিশন সভায় এই ভোটের তারিখ নির্ধারণ করা হবে। ওই সভায় স্থগিত থাকা ইউপি নির্বাচনের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট-৩, আসলামুল হকের মৃত্যুতে ঢাকা-১৪ এবং আবদুল মতিন খসরুর মৃত্যুতে কুমিল্লা-৫ আসন শূন্য হয়। অন্যদিকে লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদুল ইসলাম পাপুল কুয়েতের আদালতে দণ্ডিত হওয়ায় তার আসনটি শূন্য ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.