Sylhet Today 24 PRINT

কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে হত্যার হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৫

এবার কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। 

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে হাসান আজিজুল হকের ব্যক্তিগত ফোনে অপরিচিত মোবাইল নম্বর (প্রাইভেট নম্বর লেখা) কল করে এ হুমকি দেয়া হয়। ।

জানা যায়, ফোনে বিপরীত দিক থেকে হাসান আজিজুল হককে বলা হয়, ‘আপনি কি নিজেকে বদলাবেন?’

উত্তরে হাসান আজিজুল হক বলেন, ‘এ বয়েসে আমি নিজেকে কি বদলাবো?’ ফোনে বিপরীত দিক থেকে বলা হয়, ‘আপনি যদি না বদলান তাহলে আপনার সমস্যা আছে।’

হাসান আজিজুল হক বলেন, ‘আপনি যেই হন না কেন, সামনাসামনি এসে কথা বলেন।’ উত্তরে ফোনে বলা হয়, ‘ঠিক আছে আমি সামনে আসব, আপনি প্রস্তুত থেকেন।’ এ কথা বলে ওপাশ থেকে ফোনটি রেখে দেয়া হয়।

রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সংবাদমাধ্যমকে বলেন, ‘অধ্যাপক হাসান আজিজুল হককে হত্যার হুমকির বিষয়টি তিনিও শুনেছেন। স্যারের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক হুমকির প্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানিয়েছেন।

এদিকে, গত ১০ নভেম্বর উগ্র ধর্মীয় গোষ্ঠী কর্তৃক দেশে চলমান লেখক-প্রকাশক হত্যা ও হত্যা চেষ্টার বিচার চেয়ে বিবৃতি প্রদান করেছেন দেশের ৩৮ বিশিষ্ট নাগরিক।

লেখক-প্রকাশকের খুনিদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারকে আহ্বান জানিয়ে বিবৃতি দেওয়ার পর গত একই দিনই ঢাকায় অধ্যাপক আনিসুজ্জামানকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।

অধ্যাপক আনিসুজ্জামানের সঙ্গে ওই বিবৃতিদাতাদের মধ্যে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকও ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে চলতি বছর এর আগে হুমকি পান অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক সুফিকুন্নবী সামাদী, অধ্যাপক মো. আবুল কাশেম, অধ্যাপক কামরুল হাসান মজুমদার, অধ্যাপক বিধান চন্দ্র দাসসহ কমপক্ষে ১২ জন শিক্ষক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.