সিলেটটুডে ডেস্ক | ২৬ মে, ২০২১
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধি ও নির্বাণ লাভ এই দিনেই।
সারা বিশ্বের মত বাংলাদেশেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে দিনটি। রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
বৌদ্ধ ধর্মের প্রর্বতক গৌতম বুদ্ধ, আড়াই হাজার বছর আগে আজকের এই দিনে বর্তমান নেপালের প্রত্যন্ত লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেন। হিংসা, বিদ্বেষ আর ঘৃণা দূর করে মানবতার আলো ছড়িয়ে দিয়েছিলেন তিনি। আহ্বান জানিয়েছিলেন সম্প্রীতি, সহমর্মিতা আর শান্তিময় বিশ্ব গড়ার। বলেছেন, অহিংসা পরম ধর্ম।
বুদ্ধ বলেছেন, জগতে কর্মই সব। মানুষ তার কর্ম অনুসারে ফল ভোগ করবে। ভাল কাজ করলে ভাল ফল এবং খারাপ কাজের জন্য খারাপ ফল পাবে। কর্মানুসারে মানুষ অল্প আয়ু, দীর্ঘ আয়ু, জটিল ব্যাধিগ্রস্ত, নীরোগ, বিশ্রী-সুশ্রী, সুখী-দুঃখী, উঁচু-নিচু, জ্ঞান-মূর্খতা ইত্যাদি প্রাপ্ত হয়। মানুষ কর্মের অধীন।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা মনে করেন, বুদ্ধ পূর্ণিমার প্রার্থনায় মূছে যাবে জীবনের সকল গ্লানি, দুঃখ আর বেদনা। আর তাই উপবাস, উপাসনা আর দেশের সমৃদ্ধি ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা।