Sylhet Today 24 PRINT

বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স বন্ধ হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০২১

বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তবে এখনই কলেজগুলোতে অনার্স-মাস্টার্স কোর্স বন্ধ হচ্ছে না বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন তিনি।

রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বুধবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘সব কলেজে অনার্স-মাস্টার্সের তেমন কোনো প্রয়োজন হয়তো নেই। অনেক ক্ষেত্রে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। আমরা সেটা চাই না। আমরা জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপ দিতে চাই। এ লক্ষ্যে উপযুক্ত শিক্ষা সম্প্রসারণের প্রয়াস এটি।

‘এই কোর্সগুলো এক দিনে হঠাৎ করেই বন্ধ করে দেয়া যাবে না। সে জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা কাজ শুরু করেছি। এর মধ্যেই কমিটি করে দেয়া হয়েছে। তারা পুরো বিষয়টি দেখছে। আর বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নানা পরীক্ষা-নিরীক্ষা করে এই সিদ্ধান্তগুলো নিতে হবে।

‘বেসরকারি কলেজে পর্যায়ক্রমে এই অনার্স-মাস্টার্স কোর্স বন্ধ করে দিয়ে সেখানে ডিগ্রি স্তরে শিক্ষার্থীরা পড়াশোনা করবেন, ডিগ্রি পরীক্ষা দেবেন। নানান ধরনের শর্টকোর্স, ডিপ্লোমা কোর্স করানো হবে। যেগুলো অনেক বেশি কর্মমুখী। আত্মকর্মসংস্থানে, উদ্যোক্তা তৈরিতে যেগুলো উপযুক্ত হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা অনার্স-মাস্টার্স কোর্সে ভর্তি হচ্ছেন, তাদের শিক্ষাজীবন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে।’

‘শতবর্ষী ১৩টি কলেজ আছে, বেশ কিছু ভালো কলেজ আছে, যেখানে সব ধরনের উপযুক্ত ব্যবস্থা আছে, সেগুলোতে অনার্স-মাস্টার্স কোর্স চলতে পারে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.