সিলেটটুডে ডেস্ক: | ২৬ মে, ২০২১
রাজধানীর পল্লবীতে মো. সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল দোষ স্বীকার করে জবানবন্দি দেননি।
বুধবার চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের ডিসি মানস কুমার পোদ্দার বলেন, এ মামলায় এরই মধ্যে চারজন আদালতে জবানবন্দি দিয়েছেন। কার কী ভূমিকা ছিল তদন্তে তা উঠে এসেছে।
১৬ মে বিকেলে জমির বিরোধের মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবীর ডি-ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের মা আকলিমা বেগম পল্লবী থানায় হত্যা মামলা করেন।
আকলিমার অভিযোগ, পল্লবীর বুড়িরটেকের আলীনগর আবাসিক এলাকার হ্যাভেলি প্রোপার্টিজ ডেভেলপারের এমডি এবং সাবেক এমপি আউয়ালের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় ভাড়াটে সন্ত্রাসীরা তার ছেলেকে হত্যা করেছে।