Sylhet Today 24 PRINT

কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত নারীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মে, ২০২১

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা রোকেয়া খাতুন নামে ক্যান্সারে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা জানা যায়নি। চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার পূর্ব মুরাদপুর গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এস এম ফাতেহ আকরাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রোকেয়া খাতুন নামে ওই নারী বুধবার ভারত থেকে দেশে ফেরেন। এদিন রাতে তাকে সদর হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি। তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদি তার করোনা শনাক্ত হয় তবে তা ভারতীয় ভ্যারিয়েন্ট কি না তাও পরীক্ষা করা হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে আছিয়া খাতুন নামে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়।  ওই নারী গত ১২ মে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চার দিন পর করোনা শনাক্ত পরীক্ষায় ফল পজিটিভ আসে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৯০৭ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.